ঢাকায় টানা বৃষ্টি, আভাস কালবৈশাখীর : যা জানাল আবহাওয়া অফিস
Posted on April 30, 2026 7.3K
বৈশাখের তীব্র গরমের পর কয়েক দিনের টানা বৃষ্টিতে বদলে গেছে সারা দেশের আবহাওয়া। রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি, কোথাও কোথাও বয়ে যাচ্ছে কালবৈশাখী।
গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রভাব দেখা গেছে। এই ধারা আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানীতে আজও আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন একই সময়ে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ২৫ মিনিটে।
