ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চবির নিরাপত্তা প্রধানকে বরখাস্ত

Posted on May 20, 2025   10.4K

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিরাপত্তা প্রধান মোহাম্মদ গোলাম কিবরিয়াকে ঘুষ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ মে) দুপুরে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করছেন এবং এক লাখ টাকা গ্রহণের পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর-কষাকষিতে লিপ্ত হন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছেন তিনি।

ঘটনার পরপরই চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে উল্লেখ করা হয়, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত থাকবেন এবং শুধুমাত্র জীবিকা ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়, ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, 'ভাইরাল ভিডিও দেখে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। ভিডিওতে থাকা ব্যক্তিকে চিহ্নিত করে প্রাথমিক স্বীকৃতি নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

ঘটনার বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment