পর্তুগাল-মেক্সিকো ম্যাচে গ্যালারী থেকে পড়ে দর্শকের মৃত্যু
Posted on March 29, 2026 10.9K
মেক্সিকো সিটিতে পর্তুগাল ও মেক্সিকোর প্রীতি ম্যাচে এক মর্মান্তিক দুর্ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে। ম্যাচ শুরুর আগেই ঘটে যাওয়া এই ঘটনায় পুরো আয়োজনজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি ঘটে ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে, যা সংস্কারের পর নতুন নামে এস্তাদিও বানোর্তে হিসেবে পুনরায় উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের দ্বিতীয় স্তরের বক্স সিট এলাকা থেকে নিচে পড়ে যান এক ব্যক্তি। তিনি দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে নামার চেষ্টা করছিলেন এবং স্টেডিয়ামের বাইরের অংশ ধরে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। নিরাপত্তা বিধি অমান্য করে ঝুঁকিপূর্ণ আচরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে স্টেডিয়ামটির প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো আয়োজনে নেমে এসেছে গভীর শোক।
