ভারতের কোচের নাম ঘোষণায় যে কারণে দেরী

Posted on July 10, 2024   8K

আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা নতুন কোচের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, লড়াইয়ে আছেন গৌতম গম্ভীর এবং ডব্লিউভি রমন। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। তবে বিশেষ কারণে কয়েক দিন বাড়তি সময় নিচ্ছে ভারতীয় বোর্ড।


কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। জিম্বাবুয়ে সফরে শুভমান গিলদের সঙ্গে কোচ হিসাবে আছেন ভিভিএস লক্ষ্মণ। কেন দেরি হচ্ছে নতুন কোচের নাম ঘোষণায়, সেই প্রশ্ন অনেকেরই। 


জানা গেছে, ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন গম্ভীর। একটি জায়গায় আটকে রয়েছে তার নিয়োগ। বেতন হিসাবে গম্ভীর যে টাকা চেয়েছেন, তা দিতে রাজি নন বোর্ড কর্তারা। বেতন নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা। ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই বেতন নিয়ে চলমান আলোচনার ইতি ঘটবে। 


দ্রাবিড়ের তিন সহকারী ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরশ মামব্রের মেয়াদও শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গম্ভীরের অন্যতম শর্ত হল, তাকে পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। গম্ভীরের সহকারীরা কত টাকা বেতন নেবেন, সেটিও জেনে নিতে চাচ্ছেন বোর্ড কর্তারা। সবকিছু পরিষ্কার হওয়ার পর ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে।


আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। দ্বীপরাষ্ট্রের মাটিতে তিনটি করে এক দিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন কোচই দল নিয়ে যাবেন শ্রীলঙ্কায়।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment