১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন
Posted on March 25, 2026 10.3K
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন (বৃহস্পতিবার) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এদিন তার প্রথম বাজেট পেশ করবেন।
সাধারণত প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করা হলেও, এবার কোরবানির ঈদের ছুটি থাকায় দ্বিতীয় সপ্তাহের শেষ কর্মদিবস নির্ধারণ করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এখনও বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন খাতের অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজেট প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সকল স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে এবং নির্ধারিত সময়েই তা সংসদে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, গত বছর সংসদ কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল।
