মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ অতিক্রম করল চীনের মালিকানাধীন তেলবাহী জাহাজ

Posted on April 14, 2026   6.8K

ইরানের ওপর মার্কিন অবরোধ চলাকালীন মালাউইয়ের পতাকাবাহী এবং চীনের মালিকানাধীন ‘রিচ স্টারি’ নামক একটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। মেরিন-ট্রাফিক ডাটাসহ বিভিন্ন জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পার হয়। 

এর আগে, সোমবার দুপুরে জাহাজটি একবার প্রণালি অতিক্রমের চেষ্টা করে ইরানের কেশম দ্বীপের কাছ থেকে ফিরে এলেও রাতে পুনরায় যাত্রা শুরু করে এবং মঙ্গলবার ভোরের দিকে গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

জানা গেছে, ‘রিচ স্টারি’ জাহাজটির মালিকানা ‘ফুল স্টার শিপিং লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের হাতে, যার সঙ্গে সাংহাই চুয়ানরুন শিপিং কোম্পানির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ২০২৩ সাল থেকেই এই জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইতঃপূর্বে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত এটি হংকংয়ের পতাকাবাহী ছিল এবং ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল। বর্তমানে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর থাকলেও জাহাজটি কোন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কেপলারের দেওয়া তথ্যমতে, জাহাজটি মিথানল পরিবহন করছে এবং এর পরবর্তী গন্তব্য হিসেবে চীনের নাম নথিভুক্ত রয়েছে।

উল্লেখ্য, অবরোধ কার্যকর হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে পার হওয়া এটিই প্রথম জাহাজ নয়। এর আগে সোমবার কোমোরোসে নিবন্ধিত ‘এলপিস’ নামক একটি তেলবাহী ট্যাঙ্কারও এই পথ অতিক্রম করে। ইরানের ‘ছায়া নৌবহরের’ অংশ হিসেবে এবং ইরানি পেট্রোলিয়াম পরিবহনে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালে এই ‘এলপিস’ জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

আঞ্চলিক উত্তেজনা এবং মার্কিন কড়া নজরদারির মধ্যেই এ ধরনের জাহাজ চলাচলের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment