যুক্তরাষ্ট্রের সঙ্গে কি শান্তিচুক্তি হচ্ছে, ইরানি রাষ্ট্রদূতের রহস্যময় বার্তায় জল্পনা বাড়ছে
Posted on April 07, 2026 7.1K
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে পাকিস্তানের নেওয়া পদক্ষেপগুলো অত্যন্ত ‘ইতিবাচক ও ফলপ্রসূ’ এবং এই শান্তি প্রচেষ্টা এখন একটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল’ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে বিষয়টির ওপর নজর রাখতে বলে তিনি এক রহস্যময় বার্তায় বলেন, পরবর্তী খবরের জন্য অপেক্ষা করুন।
ইরানি রাষ্ট্রদূতের এই বক্তব্যের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরেই পাকিস্তান এই সংকটে নিজেকে একজন শান্তি মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান এবং যুক্তরাষ্ট্র—উভয় দেশের সঙ্গেই ইসলামাবাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক থাকায় তারা দেশ দুটির মধ্যে আলোচনার আয়োজক হওয়ারও প্রস্তাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পাশাপাশি মিসরও অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার মিসরীয় প্রতিপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ওই আলোচনায় উভয় নেতা উত্তেজনা প্রশমন এবং সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতেও একমত হয়েছে।
কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে, পাকিস্তানের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে খুব শিগগিরই বড় কোনো অগ্রগতির খবর আসতে পারে।
