লারিজানিকে হত্যার খরব নিশ্চিত করল ইরান

Posted on March 18, 2026   6.3K

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালায় ইসরায়েল। এরপর তারাই প্রথম তার মৃত্যুর তথ্য জানায়।

এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান নিশ্চত করে লারিজানি নিহত হয়েছেন। নিরাপত্তা কাউন্সিল তার মৃত্যুর ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। যা প্রকাশ করেছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান এবং ইসলামি বিপ্লবের আদর্শকে সমুন্নত রাখার আমৃত্যু সংগ্রাম শেষে, অবশেষে আলি লারিজানি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন। সত্যের ডাকে সাড়া দিয়ে, দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে তিনি লাভ করলেন শাহাদাতের পরম গৌরব।’

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলা ছিল আলী লারিজানি, তার ছেলে ও এক সহযোগীকে হত্যার প্রতিশোধ। তারা ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও দাবি করেছে, ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়ার কারণেই এ সব লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তেল আবিবে হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) পড়ে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর ডি ফ্যাক্টো সুপ্রিম লিডারে পরিণত হন লারিজানি। তার কমান্ডেই ইরান যুদ্ধ পরিচালনা করছিল। জানা যায়, খামেনি প্রাণ হারানোর আগে বলে গিয়েছিলেন, তার মৃত্যু হলে দায়িত্ব পালন করবেন লারিজানি। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment