হরমুজ দিয়ে জরুরি খাদ্যপণ্য চলাচলে অনুমতি ইরানের

Posted on April 05, 2026   8.6K

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে মানবিক ও কৌশলগত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমোদন দিয়েছে ইরান।

শনিবার (৪ এপ্রিল) বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি খাদ্যপ্রণ্যের পাশাপাশি ওষুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মানবিক সহায়তা বহনকারী জাহাজগুলোকে ইরানের বন্দর বা ওমান উপসাগরের নির্ধারিত নোঙরস্থানে যাওয়ার পথে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকারের জারি করা অনুমোদন ও নির্দেশনার পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির আশ্বাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজগুলো প্রতিষ্ঠিত পদ্ধতি ও প্রোটোকল মেনে চললে প্রণালীটি দিয়ে চলাচল করতে পারবে এবং বর্তমানে বিস্তারিত পরিচালন নির্দেশিকা বাস্তবায়ন করা হচ্ছে।

উল্লেখ্য,বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার পর প্রণালীটির নিয়ন্ত্রণ নেয় ইরান।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীটি এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি শত্রুদের জন্য বন্ধ থাকবে। এ অবস্থায় গত এক মাসে পারস্য উপসাগরে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে, যার মধ্যে শতাধিক তেল ও গ্যাসবাহী ট্যাংকার রয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment