রাশেদ খান গণঅধিকার পরিষদে ফিরলে স্বাগত জানানো হবে: নুরুল হক নুর
Posted on March 17, 2026 8K
গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান পুনরায় দলে ফিরতে চাইলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, রাশেদ খান যদি গণঅধিকার পরিষদে আসতে চায় আমরা ওয়েলকাম করব। কারণ রাশেদ খান আজকে যে জায়গায় এসেছে, তার পেছনে গণঅধিকার পরিষদের অনেক শ্রম রয়েছে। এক ব্যক্তিকে তৈরি করতে সংগঠনের কর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
তিনি বলেন, আজকে সে জাতীয় পর্যায়ে পরিচিত, মিডিয়ায় পরিচিত। কিন্তু এই পরিচিতির পেছনে গণঅধিকার পরিষদের অনেক নেতাকর্মীর অবদান রয়েছে। বাংলাদেশের কঠিন সময়ে গণঅধিকার পরিষদের অল্প কিছু ছেলেমেয়ে যে ত্যাগ স্বীকার করেছে, সে ধরনের স্যাক্রিফাইস খুব কম সংগঠন করেছে।
নুরুল হক নুর আরও বলেন, রাশেদ খান গত নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, যা দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছিল। সে সময় বিএনপির সঙ্গে জোটের সমীকরণ বিবেচনায় তাকে ওই প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, রাশেদ খান ধানের শীষ নিয়ে নির্বাচন করায় দলীয় নিয়ম অনুযায়ী তাকে বিএনপির সদস্যপদ নিয়ে নির্বাচন করতে হয়েছিল। সে কারণে আমাদের দলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র নেতা হাসান মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ সময় নুরুল হক নুর বলেন, সংসদে অযথা ঝগড়া-বিবাদ নয়, বরং গঠনমূলক আলোচনা হওয়া উচিত।
