৫০ ওভারে ৮২২ রান, প্রতিপক্ষ অলআউট মাত্র ২৮ রানে
Posted on May 14, 2026 5.3K
ক্রিকেটে এক অবিশ্বাস্য স্কোরকার্ড দেখা গেল জিম্বাবুয়ের ঘরোয়া লিগে। ৫০ ওভারের ম্যাচে এক দল তুলেছে ৮২২ রান, আর প্রতিপক্ষ দল অলআউট হয়েছে মাত্র ২৮ রানে।
তবে এটি লিস্ট ‘এ’ মর্যাদাসম্পন্ন ম্যাচ নয়, তবুও এমন বিশাল রানের ব্যবধান ক্রিকেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাচে স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮২২ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে মিথেন লায়ন্স একেবারেই প্রতিরোধ গড়তে পারেনি। তারা মাত্র ২৮ রানে গুটিয়ে যায়।
স্করপিয়ন্সের ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন দুই ওপেনার। তাকুন্ডা মাদেম্বো ১৪৩ বলে ৩০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫০টি চার ও ৭টি ছক্কা। অন্য ওপেনার উইনফেড মাতেন্ডে ৭৫ বলে ২০৩ রান করেন, ২৩টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে।
মিডল অর্ডারে গ্যাব্রিয়েল জায়া ৪৯ বলে ১১০ রানে অপরাজিত থাকেন। ভিনসেন্টে মোয়োও দ্রুতগতিতে ৩৯ বলে ৭৮ রান যোগ করেন।
শুরুতে পিচকে ব্যাটিং সহায়ক মনে হলেও দ্বিতীয় ইনিংসে তা সম্পূর্ণ বদলে যায়। স্করপিয়ন্স বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মিথেন লায়ন্সের ব্যাটাররা, একের পর এক উইকেট হারিয়ে তারা মাত্র ২৮ রানে অলআউট হয়ে যায়।
শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জয় পায় স্করপিয়ন্স ক্রিকেট ক্লাব।
