৭৪ শতাংশ বল দখলে রেখেও জিততে পারল না ব্রাজিল

Posted on June 25, 2024   11.5K

কোস্টারিকার রক্ষণে ৯০ মিনিট জুড়েই আতঙ্ক ছড়িয়ে গেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল দলটি। কোস্টারিকার বক্সে ৫০ বারের বেশি বল স্পর্শ করেছে তারা। এ ছাড়া গোল লক্ষ্য করে শট নিয়েছে ১৯টি।


এরপরও কোপা আমেরিকার শুরুটা জয় দিয়ে করতে পারেনি দরিভাল জুনিয়রের দল। কোস্টারিকার বিপক্ষে ডি’ গ্রুপে আজ বাংলাদেশ সময় ভোরো শুরু হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র করে ব্রাজিল।


শুরু থেকেই কোস্টারিকাকে চেপে ধরে ব্রাজিল। তবে তাদের একের পর এক আক্রমণ ভেস্তে যায় কোস্টারিকার রক্ষণদেয়ালের জন্য। ম্যাচজুড়ে একটি আক্রমণও না করা দলটির কাজ ছিল কেবল ব্রাজিলিয়ানদের আটকে রাখা। আর সেটিই করে দেখিয়েছে তারা। ড্র করে রুখে দিয়েছে সেলেসাওদের।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। তবে কোস্টারিকার রক্ষণভাগ দেয়ালের মতো বাধা দিতে থাকে তাদের। কোনোভাবেই এই রক্ষণভাগ ভেদ করতে পারছিল না তারা।


২২তম মিনিটে দারুণ এক সুযোগ পায় লুকাস পাকুয়েতা। বাঁ দিক থেকে প্রতিআক্রমণে গিয়ে তার উদ্দেশে বল বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু বলটি ঠিকঠাক শট নিতে পারেননি ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার।


৩০তম মিনিটে বল জালে পাঠায় ব্রাজিল। রাফিনিয়ার নেওয়া ফ্রি-কিক থেকে রদ্রিগোর পাসে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কিনিয়োস। তবে লম্বা সময় ভিএআর চেকের পর সেটি বাতিল হয় অফসাইডের কারণে। ৪০তম মিনিটে বক্সে ভারগাসের ফাউলের শিকার হন পাকুয়েতা। তখন পেনাল্টির আবেদন জানালেও রেফারি সেটি দেননি।


বিরতির পরও একইভাবে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ৬৩তম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। তবে পাকুয়েতার বুলেট গতির শটটি পোস্টে লেগে প্রতিহত হয়। ৭২তম মিনিটে অল্পের জন্য নিজেদের জালে হেডে বল পাঠাননি কোস্টারিকা ডিফেন্ডার কুইরোস।


৭৯তম মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। সতীর্থের ক্রস বক্স থেকে দুর্দান্ত এক শট নেন আরানা। তবে কোস্টারিকা গোলরক্ষক সেটি ঝাপিয়ে ঠেকিয়ে দেন। ৮৫তম মিনিটে সাভিওর শট ঠেকিয়ে দেন ভারগাস। ৮৭তম মিনিটে বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে চতুর্থবারের মতো পেনাল্টির আবেদন করে ব্রাজিল। তবে এবারও গলেনি রেফারির মন।


যোগ করা সময়ে দারুণ এক সুযোগ পান রদ্রিগো। বক্সে আসা শট কোস্টারিকা ফুটবলারের পায়ে লেগে চলে যায় পাকুয়েতার কাছে। তার দেওয়া দারুণ পাস গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল।


‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া। প্যারাগুয়েকে তারা হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। ১টি করে পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় ও কোস্টারিকা আছে তৃতীয় স্থানে। কোনো পয়েন্ট না পাওয়া প্যারাগুয়ে আছে চার নম্বরে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment