ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা বার কাউন্সিলের অফিস সহায়ক, সাময়িক বরখাস্ত
Posted on May 11, 2026 8.5K
বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালে দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছেন বার কাউন্সিলের এক অফিস সহায়ক।
আজ সোমবার অফিস সহায়ক রাব্বিল মিয়াকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ বলা হয়, সোমবার বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্ত নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালীন দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস প্রদান করে জনৈক বিজ্ঞ আইনজীবীর নিকট হতে অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে অভিযোগ বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি বিবেচনায় এবং বার কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়ের সদয় নির্দেশনার আলোকে অদ্য ১১ মে, ২০২৬ তারিখ হতে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একইসঙ্গে, কেন আপনাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তৎমর্মে আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
সাময়িক বরখাস্ত বলবৎ থাকাকালীন আপনি বিধি মোতাবেক মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা হিসেবে পাবেন।
