Latest News

হরমুজে অচলাবস্থা: তেলের আয় কমে সৌদিতে বাজেট ঘাটতি ৩৩.৫ বিলিয়ন ডলার

Posted on May 06, 2026   7.1K

ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেল রফতানি ব্যাহত হওয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সৌদি আরব।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় দেশটির প্রধান আয়ের উৎস তেল বিক্রি ব্যাপকভাবে কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়েছে অর্থনীতিতে।

সৌদি অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে মার্চ-এই তিন মাসে দেশটির বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৭ বিলিয়ন রিয়াল (প্রায় ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার)। যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি।

এই সময়ে সরকারের মোট ব্যয় বছরওয়ারি ২০ শতাংশ বেড়ে ৩৮৬ দশমিক ৭ বিলিয়ন রিয়ালে পৌঁছেছে। অন্যদিকে তেল থেকে আয় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪৪ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। যদিও অ-তেল খাত থেকে আয় সামান্য ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবুও তা সামগ্রিক ঘাটতি কমাতে যথেষ্ট হয়নি।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, অর্থনৈতিক সম্পদ খাতে ব্যয় সবচেয়ে বেশি, ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, সাধারণ খাতে ব্যয় বেড়েছে ৪৬ শতাংশ, সামরিক, অবকাঠামো ও পরিবহন খাতে ব্যয় বেড়েছে ২৬ শতাংশ।

চলতি ২০২৬ সালের জন্য সৌদি সরকার গত ডিসেম্বর মাসে মোট ৬৫ বিলিয়ন রিয়াল (প্রায় ১৭ বিলিয়ন ডলার) ঘাটতির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বছরের প্রথম তিন মাসেই সেই লক্ষ্যমাত্রার অনেক বেশি ঘাটতি তৈরি হওয়ায় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রিয়াদকে।

হরমুজ প্রণালী সংকটের প্রভাব

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের জেরে ইরান প্রণালীটি বন্ধ করে দেয়। এতে গত দুই মাসেরও বেশি সময় ধরে এই প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে।

এর ফলে বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক সৌদি আরব বড় ধরনের চাপের মুখে পড়েছে। যদিও দেশটি বিকল্প ব্যবস্থা হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে কিছু তেল রফতানি করতে সক্ষম হয়েছে, তবুও তা পূর্ণ সক্ষমতা পূরণ করতে পারছে না।

সৌদি আরবের সরকারি আয়ের অর্ধেকের বেশি আসে তেল খাত থেকে। ২০২৫ সালে তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে দেশটির আয় হয়েছিল ৬০৬ দশমিক ৫ বিলিয়ন রিয়াল। ফলে তেল রফতানিতে সামান্য বিঘ্নও অর্থনীতিতে বড় প্রভাব ফেলে।

কূটনৈতিক তৎপরতা

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে নেওয়া সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

বিশ্লেষকদের মতে, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তাহলে শুধু সৌদি আরব নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হতে পারে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment