পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
Posted on January 07, 2026 10K
আসন্ন আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলে উপেক্ষিত মুস্তাফিজ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যাচ্ছেন।
আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পর তাকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যা ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মুস্তাফিজসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
পিএসএলে যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
৮ দল নিয়ে আয়োজিত এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। এদিকে ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর।
এর আগে, ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি।
