শান্ত-মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াই টাইগারদের
Posted on June 17, 2025 8K
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে আজ মঙ্গলবার মাঠে নেমেছে বাংলাদেশ। গল টেস্টে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম সেশনে টাইগাররা হারিয়ে ফেলেছে তিনটি উইকেট। সাদমান ইসলামের সাথে এদিন ইনিংসের সূচনা করতে নামেন এনামুল হক বিজয়। ১০ বল মোকাবেলা করেও বিজয় অবশ্য রানের খাতা খুলতে পারেননি। বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৫ রানে।
দলীয় ৫ রানে প্রথম উইকেটের পতনের পর জুটি গড়ার চেষ্টা করছিলেন সাদমান ও মুমিনুল। কিন্তু দ্বিতীয় উইকেটে তাদের জুটিটি ৩৪ রানের চেয়ে বেশি লম্বা হাতে পারেনি। সাদমানের উইকেট পতনের মাধ্যমে জুটি ভাঙে। ৫৩ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান।
৫৩ বলে ১৪ রান করে সাদমান বিদায় নেওয়ার পরপর থামতে হয় মুমিনুলকেও। ওয়ানডে মেজাজে ৩৩ বলে ২৯ রান করে দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন সাবেক অধিনায়ক। এরপর আর বাংলাদেশের বিপদ ঘটতে দেননি শান্ত ও মুশফিক।
শান্ত ৪৩ বলে ২৫ ও মুশফিক ৩১ বলে ২০ রান করে অপরাজিত রয়েছেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯০ রান জড়ো করেছে টাইগাররা। লঙ্কানদের পক্ষে অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে পেয়েছেন জোড়া উইকেট।
