মেসি-সুয়ারেজদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

Posted on June 29, 2025   11.7K

ফিফা ক্লাব বিশ্বকাপে শক্তিমত্তার প্রমাণ রেখে অনায়াস জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে রবিবার শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ফরাসি জায়ান্টরা।

প্রথমার্ধেই সব গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভিতিনিয়ার নিখুঁত ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে দেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস। এরপর ৩৯তম মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এরপর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পিএসজি। ৪৪তম মিনিটে দিজিরে দুয়ের বাড়ানো সহজ একটি ক্রসে ভুল করে আত্মঘাতী গোল করে বসেন মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কাছ থেকে চতুর্থ গোলটি করেন আশরাফ হাকিমি।

ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় ইউরোপ চ্যাম্পিয়নরা। মোট ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে ছিল পিএসজির। বিপরীতে, পুরোপুরি কোণঠাসা মায়ামি বল দখলেও পিছিয়ে ছিল, আর আক্রমণেও ছিলেন না তারা দৃশ্যমান। মেসি ও সুয়ারেস জুটির কোনো প্রভাবই পড়েনি ম্যাচে। প্রথমার্ধে একটিও শট নিতে পারেনি তারা।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। ৫১তম মিনিটে মেসি দলের প্রথম শট নিলেও তা প্রতিপক্ষের ডিফেন্সে প্রতিহত হয়। এরপর আরও কিছু আক্রমণ চালানো হলেও কার্যকর কোনো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় দলটি। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলায় পিএসজি আর গোলের দেখা পায়নি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment