শেষ মুহূর্তে ইয়ামালের গোলে বার্সার কষ্টার্জিত ড্র

Posted on March 11, 2026   11.9K

ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল কাতালান ক্লাব বার্সেলোনা। পুরো ম্যাচজুড়ে স্বাগতিকদের চাপের মুখে থাকলেও শেষ মুহূর্তের এক গোলে পরাজয় এড়িয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউক্যাসল। দ্রুতগতির আক্রমণে বারবার বার্সেলোনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করে ইংলিশ ক্লাবটি।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির দারুণ এক ক্রস থেকে বল জালে পাঠান হার্ভি বার্নস। এতে এগিয়ে যায় স্বাগতিকরা এবং তখন মনে হচ্ছিল গুরুত্বপূর্ণ জয় পেতে যাচ্ছে তারা।

তবে যোগ করা সময়ে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। বার্সেলোনার দানি ওলমোর ওপর ফাউল হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে এগিয়ে আসেন তরুণ তারকা লামিন ইয়ামাল। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।

পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে আক্রমণে খুব বেশি কার্যকর হতে পারেনি তারা। পুরো ম্যাচে কাতালানরা লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুটি শট। অন্যদিকে নিউক্যাসলের চারটি শট ছিল লক্ষ্যে।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বলেন, এই ফলাফলে তিনি সন্তুষ্ট। তার ভাষায়, বল নিয়ে দল খুব ভালো খেলতে পারেনি এবং বেশ কিছু সহজ ভুলও হয়েছে। তবে কঠিন পরিস্থিতিতে দল যেভাবে একসঙ্গে লড়াই করেছে, তা প্রশংসার যোগ্য।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment