২৯ ডিসেম্বর শুরু নারী ফুটবল লিগ

Posted on December 13, 2025   6.2K

অবশেষে নারী নারী ফুটবল লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। শনিবার (১৩ ডিসেম্বর) বাফুফে ভবনে অংশগ্রহণকারী ১১টি ক্লাবের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান ও বাফুফে সদস্য মাহফুজ আক্তার কিরণ।


তিনি জানান, আগামী ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হয়ে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। লিগ শুরুর আগে আগামীকাল রবিবার (১৪ ডিসেম্বর) থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় দলবদল কার্যক্রম। সময় স্বল্পতা থাকলেও প্রতিটি ম্যাচের পর দুই দিনের বিরতি রেখে সূচি সাজানো হয়েছে, যাতে খেলোয়াড়দের স্বাভাবিক বিশ্রাম নিশ্চিত করা যায়।


বাফুফে জানায়, এবারের লিগে বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগও থাকছে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে, তবে ম্যাচে একসঙ্গে খেলানো যাবে তিনজনকে। পাশাপাশি বয়সভিত্তিক খেলোয়াড় উন্নয়নের লক্ষ্যে নতুন একটি নিয়ম যুক্ত করেছে বাফুফে। প্রতিটি দলে বাধ্যতামূলকভাবে চারজন অনূর্ধ্ব-১৭ এবং চারজন অনূর্ধ্ব-২০ খেলোয়াড় থাকতে হবে। ম্যাচের শুরুর একাদশেও অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ পর্যায় থেকে দুজন করে খেলোয়াড় মাঠে নামাতে হবে। পরিবর্তনের ক্ষেত্রেও একই বয়সভিত্তিক নিয়ম অনুসরণ করতে হবে।


সব মিলিয়ে সময়ের সীমাবদ্ধতার মধ্যেও নারী ফুটবলের ধারাবাহিকতা বজায় রাখা এবং বয়সভিত্তিক উন্নয়নের ওপর জোর দিয়েই নতুন মৌসুমের লিগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment