উন্নয়নের নামে ক্রীড়া ক্ষেত্রে মেগা দুর্নীতি হয়েছে : আমিনুল হক
Posted on April 01, 2026 10.8K
সিলেট জেলা স্টেডিয়ামের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, গত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। পূর্ববর্তী সময়ে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। এর ফলেই স্টেডিয়ামের বর্তমান নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের প্রতিটি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধনের ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
আমিনুল হক বলেন, প্রথম পর্যায়ে ফুটবল-ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট নিয়ে এই কর্মসূচি শুরু হবে। এতে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে এবং ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এর অন্তর্ভুক্ত করা হবে। এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এর আগে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া দুপুর ১টায় তিনি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ, ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনসহ বিভিন্ন স্পোর্টস সংগঠনের প্রতিনিধিরা।
