নিখোঁজের তিন দিন পর গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

Posted on December 13, 2025   6.7K

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে নিখোঁজের তিন দিন এবং পতাকা বৈঠকের একদিন পর এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারত। এর আগে ভারতের ভাগিরথী নদী থেকে বাংলাদেশি যুবক তোশিকুর ইসলামের (২৮) মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। তবে পরিবারের দাবি, বাখেরআলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে মরদেহটি ফেরত দেওয়া হয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বিজিবি ও বিএসএফ সদস্যদের উপস্থিতিতে রাতে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তোশিকুর ইসলামের মরদেহ হস্তান্তর করে। বাংলাদেশি পুলিশের পক্ষে সুকমল চন্দ্র দেবনাথ মরদেহ গ্রহণ করেন

তিনি বলেন, তোশিকুর ইসলামের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে। মরদেহ গ্রহণের পর রাতেই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

তোশিকুরের বাবা ইব্রাহিম বলেন, আমাদের নিজেদের গরুর পাল আছে। সেখানে যাওয়ার কথা বলে আমার ছেলে তোশিকুর বুধবার বাড়ি থেকে বের হয়। শুক্রবার রাতে পুলিশ মরদেহ ফেরত দেয়। এরপর শুনছি বিএসএফ আমার ছেলেকে মেরে ফেলেছে। তবে কীভাবে মেরেছে, তা বলতে পারব না। এলাকার দুই সদস্যের মাধ্যমে স্থানীয় বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।

তোশিকুরের ভাই উজির আলী বলেন, ‘সে ভারতের সীমান্তে গিয়েছিল। এখন শুনতে পাচ্ছি ভারতের একটি নদীতে আমার ভাইয়ের লাশ ভাসছিল। পরে ভারতের জঙ্গিপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে। সেখানে আমার ভাইয়ের লাশ কীভাবে গেল, তা জানি না।’

প্রসঙ্গত, গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্ত দিয়ে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তোশিকুর। পরিবারের দাবি, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ কাছ থেকে গুলি করে তোশিকুরকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়। পরে ভারতের ভাগিরথী নদী থেকে বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে তোশিকুর ইসলামের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।

নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে বিজিবি জোহরপুর সীমান্তে বৃহস্পতিবার তোশিকুরের মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠক করে। এর পর শুক্রবার রাতে মরদেহ হস্তান্তর করে ভারত। তবে বিজিবির অভিযোগের প্রেক্ষিতে তোশিকুরের মৃত্যুর কারণ জানতে চাইলে বিএসএফ কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। ফলে কার গুলিতে তোশিকুরের মৃত্যু হয়েছে, তা বিজিবি নিশ্চিত করতে পারেনি।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment