প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
Posted on March 09, 2026 10.7K
অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’ গতকাল সকালে সপ্তাহের প্রথম কার্যদিবসের সূচনা করতে বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যতিক্রম এই দৃশ্যপট দেখা গেছে। এ সময় প্রতিদিনের মতো প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারই বুঝতে বাকি রইল না যে তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তাঁর প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, তিনি সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রাজধানীর গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরাচরিত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন তিনি। আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সারা দিন বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন।
