আগুনে চট্টলা এক্সপ্রেসের পুড়ে গেছে দুই বগি

Posted on March 26, 2026   8.8K

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনে দুটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রী ও চালকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারি অ্যাকাডেমি এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে ১৮টি বগি নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড অতিক্রম করার সময় হঠাৎ একটি এসি বগিতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। তারা চিৎকার শুরু করলে ট্রেন চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এতে যাত্রীরা নেমে যান।

ততক্ষণে আগুন লেলিহান শিখায় জ্বলতে থাকে এবং ইঞ্জিনেও ছড়িয়ে পড়ে। এ দৃশ্য দেখে এগিয়ে আসেন মিলিটারি অ্যাকাডেমির আর্মি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। সবাই মিলে দুর্ঘটনা কবলিত বগি থেকে অন্য বগিগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আগুন অন্য বগিতে ছড়িয়ে পড়তে পারেনি।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সেনা সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, রেলকর্মী ও স্থানীয় এলাকাবাসী ও যাত্রীদের দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিকল্প লাইন থাকলেও নিরাপত্তার কারণে ট্রেন চালায়নি কর্তৃপক্ষ।  

ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, অগ্নিকাণ্ডে একটি এসি বগি ও পাওয়ার কারটি পুড়ে গেছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment