পাহাড়ে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

Posted on July 10, 2025   6K

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকার মেলখুম গিরিপথে ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের সঙ্গে আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (৯ জুলাই) বিকেলে মেলখুম গিরিপথ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২২) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার মো. ইব্রাহিম হৃদয় (২২)। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এছাড়া আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও সায়েম।

জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুই তরুণ। সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।

পরে বুধবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সায়েম বলেন, প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সারারাত সেখানে থেকে তাদের খোঁজাখুজি করি, কিন্তু পাইনি।

এই বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুর বিভাগে দায়িত্বরত ডা. রাজু সিংহ বলেন, হাসপাতালে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শাহিন চত্বরে দুই ছাত্রের জানাযা সম্পন্ন করে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment