‘বিজয় মামা পাশে থাকবে’, জেন জিকে বার্তা নতুন মুখ্যমন্ত্রীর

Posted on May 11, 2026   6.5K

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই জনকল্যাণমূলক একাধিক সিদ্ধান্তে সই করে চমক দেখালেন অভিনেতা থেকে রাজনীতিবীদ হওয়া থালাপতি বিজয়। দায়িত্বের প্রথম দিনেই তিনি ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন, পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দেন।

রবিবার চেন্নাইয়ে শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে বিজয় তার পরিচিত তামিল সম্বোধন ‘এন নেঞ্জিল কুদিয়িরুক্কুম’ দিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবেই কাজ করতে চান এবং রাজ্যের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার সরকারের প্রধান লক্ষ্য।

বিজয় জানান, রাজ্যের প্রতিটি পরিবারকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। মাদকের বিস্তার রোধে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তার জন্য গড়া হবে আলাদা বাহিনী ও হেল্পলাইন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও পানি খাতেও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

তরুণ ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তায় বিজয় বলেন, যারা তাকে ‘বিজয় মামা’ বলে ডাকে, তাদের জন্যই তিনি কাজ করবেন। তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়েছেন বলেও জানান।

ভাষণে তিনি আরও বলেন, ডিএমকে সরকারের সময় রাজ্যের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং বিপুল ঋণের বোঝা নিয়ে তার সরকার দায়িত্ব নিয়েছে। তবু জনগণের অর্থের সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন পেয়ে টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। পরে কংগ্রেস, সিপিআই, সিপিআই এম, ভিসিকে, আইইউএমএলসহ বিভিন্ন দলের সমর্থনে তাদের জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০। আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় আস্থা ভোটে এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজয় সরকারকে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment