আফগানিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের প্রাণহানি
Posted on April 04, 2026 5.9K
গত রাতে আঘাত হানা ভূমিকম্পে আফগানিস্তানের কাবুল প্রদেশে একটি বাড়ি ধসে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের কম্পন দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে রাজধানী কাবুলে অনুভূত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানিয়েছেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পের কারণে একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ওই পরিবারের দুই বছর বয়সি এক শিশু জীবিত আছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই শিশু ভূকম্পনের সময় আহত হয়েছে।
আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল, ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে হওয়ায় সেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়। গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা সবচেয়ে মারাত্মক ভূমিকম্প দেশটির সাম্প্রতিক ইতিহাসে।
