হরমুজ প্রণালি ইস্যুতে ‌নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ইরান

Posted on March 30, 2026   10.7K

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে বিশ্বের জ্বালানি বাজারে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় সংকট দেখা দিয়েছে। এবার হরমুজ প্রণালি ইস্যুতে ‌নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তেহরান।

সোমবার ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা ‘যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে’।

বোরুজেরদি জানান, প্রস্তাবিত এই ‘নতুন ব্যবস্থা’র অধীনে ইরানের ‘অনুমতি ছাড়া’ কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

তিনি আরও উল্লেখ করেন, ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে।

তিনি বলেন, ‘যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে।’

এছাড়াও তিনি বলেন, ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার ‘সময় এসে গেছে’।

তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির ‘প্রাসঙ্গিকতা’ আর থাকে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ৩১তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment