গণভোটের রায় না মানলে ঘোর সংকটে পড়বে দেশ

Posted on April 14, 2026   11.7K

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, গণভোটের রায় না মানলে ঘোরতর সংকটে পড়বে দেশ। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার : সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনার গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’-এর বাংলাদেশের মুক্তিযোদ্ধা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দাবি আদায়ে সারা দেশে আন্দোলন চলছে। এখন তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

আন্দোলন শুরু হয়ে গেছে : জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়নের দাবিতে সারা দেশে আন্দোলন শুরু হয়ে গেছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তিলে তিলে সেই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। রাজপথের আন্দোলন সফল করেই বিরোধী দল ঘরে ফিরবে বলে হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি এই আন্দোলনে দেশবাসীকে পাশে চান। বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, চিফ হুইপ, মন্ত্রী, সংসদ সদস্যরা জুলাই গণ অভ্যুত্থানের প্রোডাক্ট (জুলাই আন্দোলনের ফসল) বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘জুলাই আছে আমরা আছি, জুলাই আছে সরকার আছে, জুলাই আছে বিরোধী দল আছে, জুলাই নাই কিছুই নাই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণভোটের গণরায়ের মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। বিরোধীদলীয় নেতা বলেন, আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াচাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে? সেই দড়িটা কোথা থেকে টান দেওয়া হয় জাতি বুঝে। সংসদ অধিবেশন নিয়ে জামায়াত আমির বলেন, আমাদের কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুযোগ পাই, না পাই, আমরা কণ্ঠ বন্ধ করিনি। অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে যত দিন সংসদে থাকা প্রয়োজন, বিরোধী দল তত দিন থাকবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, যখন বিরোধী দলের আর কিছু করার থাকবে না, তখন সংসদ থেকে চলে যাবে। তবে এর আগে সংসদে কারও জমিদারি মানা হবে না।

বিএনপি কথার বরখেলাপ করেছে : সেমিনারে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায়কে এখন অস্বীকার করা হচ্ছে। বিএনপি এখন জুলাই সনদ বনাম জুলাই আদেশ নিয়ে কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে। তারা বলছে, জুলাই সনদকে অক্ষরে অক্ষরে পালন করবে, তবে জুলাই আদেশ অবৈধ। এই জুলাই আদেশের ভিত্তিতেই গণভোট হয়েছিল। মৌলিক সংস্কারগুলো সংবিধান সংশোধনের মাধ্যমে সম্ভব নয় দাবি করে নাহিদ ইসলাম বলেন, সে জন্য একটা সাংগঠনিক ক্ষমতা এই সংসদকে দিতে হবে, যার নাম হবে সংবিধান সংস্কার পরিষদ। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এটাই হবে। কিন্তু সংসদে তারা নতুন করে একটা মুলতবি প্রস্তাব এনেছিল, যেখানে তারা বলার চেষ্টা করেছে, জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন করা সম্ভব। জুলাই সনদ কোন পথে বাস্তবায়ন সম্ভব সেই আলোচনা ঐকমত্য কমিশনেই হয়েছিল উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী এবং তাঁদের প্রতিনিধি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীসহ যাঁরা সে সময় ঐকমত্য কমিশনে ছিলেন, তাঁরা সবাই কথার বরখেলাপ করেছেন। গণভোটের গণরায়কে তাঁরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।

সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে : সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সরকারকে শেখ হাসিনার ভূতে ধরেছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই ভূত বিএনপি সরকারের ওপর চেপে বসেছে। ভূতটা হলো জনগণকে অপমান করার ভূত। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলকে সংক্ষেপে বললে সেটা ছিল জনগণকে উপহাস ও যেখানে-সেখানে অপমান করা। এখন সংসদে দাঁড়িয়ে গোটা জাতিকে মূর্খ সাব্যস্ত করা হয় বলে দাবি করেছেন মামুনুল হক। এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘একজন সংসদে বলেছেন, মানুষ না বুঝে গণভোটে ভোট দিয়েছে। তিনি মাস্টার সেজে সংসদ সদস্য ও জনগণকে সংবিধান শেখাতে চান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। ক্ষমতার মসনদে বসলে জনগণকে ক্ষুদ্র মনে হয়। বিএনপিকে দেখে মনে হচ্ছে, তারা ক্ষমতা পেয়ে জনগণকে ইঁদুর আর নিজেদের সিংহ মনে করছে।’ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতার পাঁচ বছরের এখনো অনেক বাকি। এখনই বিএনপি কর্তৃত্ববাদী শাসনের দিকে যাচ্ছে। আরও বক্তব্য দেন  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কর্নেল (অব.) অলি আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী রুবী আমাতুল্লাহ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম (বুলবুল), খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুস্তাফিজুর রহমান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আবদুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আইনজীবী শাহরিয়ার কবির, আইনজীবী বেলায়েত হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।


Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment