Latest News

যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেফতার ৩৫

Posted on March 16, 2026   10.1K

ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ।

রাজধানী আবুধাবি-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তারা সামাজিক যোগাযোগমাধ্যম-সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়িয়েছে।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান এবং নেপালের নাগরিকরা আছেন।

রবিবার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দফতর থেকে প্রদান করা এক বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়েছে, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে (ইরান যুদ্ধ নিয়ে) ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কন্টেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির পর তাদের গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উস্কে দেওয়া এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে এ কাজ করছিলেন তারা।”

অ্যাটর্নি-জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেছেন, জনসাধারণের বিশৃঙ্খলা উস্কে দেওয়ার এবং সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি করা কৃত্রিম তথ্য এবং কৃত্রিম বিষয়বস্তুর বিস্তার রোধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর কঠোর পর্যবেক্ষণ অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমিরাতে গুজব ও ভুয়াতথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইন ও দণ্ডবিধিতে কারো বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির কমপক্ষে এক বছর কারাবাস এবং এক লাখ আমিরাতি দিরহাম জরিমানার বিধান আছে।

গ্রেফতারকৃতদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে— উল্লেখ করে আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, “গ্রেফতাকৃতরা তাদের সামাজিক যোগাযেগামাধ্যমের অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফরমে এআই দিয়ে তৈরি কৃত্রিম ভুয়া ভিডিও আপলোড করতেন। আমিরাতের সরকার মনে করে— এ ধরনের কর্মকাণ্ড শুধু স্থিতিশীলতা নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।” 

Share on

Tags

(5) Comments

Add Comment