কক্সবাজারে লক্ষাধিক ইয়াবা উদ্ধার, আটক দুই, প্রাইভেট কার জব্দ

Posted on January 25, 2026   5.6K

কক্সবাজারে আলাদা তিনটি অভিযানে এক লাখের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একটি প্রাইভেটকার ও অন্যান্য মালামালও জব্দ করা হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, অভিযানে মোট ১ লাখ ৯ হাজার ৩০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি প্রথম অভিযানে রেজুখাল চেকপোস্টে ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির অতিরিক্ত চাকার ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আব্দুল হককে আটক করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

একই দিন দুপুরে দ্বিতীয় অভিযানে রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারের যাত্রী মিলন মাহমুদ সজিবকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তী সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে। পরে তার দেহ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তৃতীয় অভিযানে একই দিন দুপুরে মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল জামিরতলি এলাকায় একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment