Latest News

কমলো ডিজেল ও কেরোসিনের দাম

Posted on July 01, 2024   9.7K

কমেছে জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম। এক টাকা কমিয়ে (বিদ্যমান মূল্য ১০৭.৭৫ টাকা) এই দুই ধরনের জ্বালানি তেলের দাম ১০৬.৭৫ টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রোল (১২৭ টাকা) ও  অকটেনের  (১৩১ টাকা) দাম অপরিবর্তিত রাখা হয়েছে।


রবিবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করা হয়েছে। নতুন মূল্য আজ সোমবার (১ জুলাই ২০২৪) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


সরকার চলতি বছরের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে আসছে। এই সূত্রানুযায়ী, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে দেশেও দাম বাড়বে, আর কমে গেলে দাম কমবে। 

 

তবে গত জুন মাসে দাম পড়তির দিকে থাকলেও দেশে ছিল বাড়তির দিকে। মে মাসের তুলনায় জুনে ডিজেল-কেরোসিন লিটার প্রতি ৭৫ পয়সা হারে এবং পেট্রোল অকটেনে লিটার প্রতি ২.৫০টাকা করে বাড়ানো হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জুনে মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল। 


জ্বালানি বিভাগ বলেছে, মূল্য সমন্বয়ের পরেও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০.৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫.৭০ টাকায় এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩.৯৬ টাকায় বিক্রি হচ্ছে। যা বাংলাদেশ থেকে যথাক্রমে প্রায় ১৮.৯৫ টাকা ও ১৬.৯৬ টাকা বেশি।


Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment