হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা
Posted on February 24, 2026 6.5K
রমজান মাসে দিনাজপুরের হিলি বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে শসা, বেগুন, গাজর, ফুলকপিসহ বেশিরভাগ সবজির দাম অর্ধেকে নেমে এসেছে।
ব্যবসায়ীরা বলছেন, রবি মৌসুমে ভালো ফলন ও বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস। এতে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে।
মঙ্গলবার দুপুরে সবজি বাজারের ব্যবসায়ীরা জানান, দুইদিন আগে যে শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ দাম কমে হয়েছে ৩০ টাকা। দাম কমেছে বেগুনেরও। প্রতিকেজি বেগুন ৬০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
পাশাপাশি প্রতিকেজি গাজার ৪০ টাকার পরিবর্তে ২০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। ১০ টাকা কমে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। বাজারে ৪০ টাকার মটরশুঁটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, ২৫ টাকা পিসের ফুলকপি ১৫ টাকা, ১৫ টাকা পিসের বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়।
তবে, মৌসুমের নতুন সবজি করলার কেজি ২০০ টাকা এবং ভারত থেকে আমদানি করা সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। বাজারে পেঁয়াজের দামও কমেছে। ১০ টাকা কমে এই পিঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ১২০ টাকার কাঁচামরিচ ৯০ টাকা কেজি, ১৪ টাকার কেজির আলু বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। ২০ টাকা দাম কমে প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
সবজি কিনতে আসা ভ্যানচালক আজগর আলী বলেন, ‘রমজান মাসের শুরুতে সব সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দাম কম দেখে অনেক খুশি হলাম।’
আরেক ক্রেতা রিয়াদ বলেন, ‘প্রতিবছর রমজান মাস আসলেই বিশেষ করে কয়েকটি দরকারি সবজির দাম কয়েকগুণ বেড়ে যায়। এবার চিত্র আলাদা। প্রত্যেকটি সবজির দাম অনেক কমে গেছে। কম দামে পেয়ে বেশি বেশি করে কিনলাম।’
সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘গত দুইদিন থেকে সব সবজির দাম কমেছে। আমরা বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর থেকে এসব সবজি পাইকারি দরে নিয়ে আসি। এই অঞ্চলে এবার সবজির ফলন অনেক ভালো হয়েছে। গত দুইদিন ধরে মোকামগুলোতে সবজির পর্যাপ্ত আমদানি থাকায় দামও নাগালের মধ্যে আছে।’
