নোরা ফাতেহির নাচ-গান নিয়ে কঙ্গনার বিস্ফোরক মন্তব্য
Posted on March 18, 2026 11.6K
বলিউডে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান। গানটি ঘিরে তুমুল সমালোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। সরাসরি আক্রমণ করেছেন পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে।
সম্প্রতি প্রকাশিত ‘সরসে নিন্না সেরাগা সরসে’ (হিন্দি সংস্করণ ‘সরকে চুনর তেরি সরকে’) গানটিতে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। তবে মুক্তির পরপরই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। দর্শকদের একাংশের অভিযোগ, গানের কথা ও উপস্থাপনা ‘অশ্লীল’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’।
এই প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, ‘অশ্লীলতা আর নজর কাড়ার প্রতিযোগিতায় বলিউড সব সীমা ছাড়িয়ে গেছে। গোটা দেশ নিন্দা করছে, কিন্তু তাতেও তাদের লজ্জা নেই।” শুধু সমালোচনা নয়, কঠোর অবস্থানও জানিয়েছেন তিনি। কঙ্গনার দাবি, “এই ধরনের কনটেন্টের ওপর কড়া নিয়ন্ত্রণ আনা জরুরি। বলিউডে কঠোর নিয়ম থাকা উচিত।’
গানটি ইউটিউবে মুক্তির পরই নেটিজেনদের বড় একটি অংশ ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই গানটিকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন। সমালোচনার চাপ বাড়তে থাকলে শেষ পর্যন্ত নির্মাতারা গানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেন।
এদিকে বিষয়টি গড়িয়েছে সরকারি পর্যায়েও। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্মাতাদের কাছে নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। গানে ব্যবহৃত ভাষা ও উপস্থাপনাকে ‘আপত্তিকর’ বলেও উল্লেখ করা হয়েছে।
‘কেডি: দ্য ডেভিল’ একটি কন্নড় পিরিয়ড ড্রামা, যার পরিচালনায় রয়েছেন প্রেম। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সরজা ও সঞ্জয় দত্ত। সব মিলিয়ে একটি গানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন বলিউডের কনটেন্ট ও সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
