রাশিয়া-ইউক্রেনের মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

Posted on May 09, 2026   7.6K

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। রাশিয়ায় প্রতি বছর ৯ মে দিনটি জাঁকজমকভাবে উদযাপন করা হয়।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। পাশাপাশি দুই দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে বলেও উল্লেখ করেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, আশা করি এটি দীর্ঘ, ভয়াবহ ও কঠিন এই যুদ্ধের শেষের সূচনা হবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধ বন্ধে আলোচনায় নিয়মিত অগ্রগতি হচ্ছে।

এর আগে, ২৯ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেছিলেন, একটি সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে।

গত বছরও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন পুতিন। তবে সেই সময় ইউক্রেনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি।

এবারও রাশিয়া ৮ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেয়। এর অন্যতম কারণ হলো মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজ ও বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করা।

অন্যদিকে, ইউক্রেনও পৃথকভাবে একটি উন্মুক্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই প্রস্তাবে রাশিয়াকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

তবে যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো পুরোপুরি এক নয়। মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে আগের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনা সাম্প্রতিক মাসগুলোতে কার্যত অচল অবস্থায় রয়েছে। বিশেষ করে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেৎস্ক অঞ্চল নিয়ে বিরোধে আলোচনা আটকে গেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে ওই অঞ্চলের কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নিতে হবে। যদিও ইউক্রেন বলছে, তারা নিজেদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড ছাড়বে না।

এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ। মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন তিনি।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির এই ঘোষণা পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করতে সাহায্য করতে পারে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য এখনো বড় ধরনের রাজনৈতিক সমঝোতা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। 

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment