বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অবসর
Posted on July 16, 2024 6.2K
বিশ্বকাপজয়ী ফ্রান্স স্ট্রাইকার অলিভিয়ের জিরু জার্মানিতে সদ্য সমাপ্ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা আগেই দিয়েছিলেন। তবে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে হারের হতাশায় হয়তো ফরাসিদের শেষ ম্যাচের দিন তিনি সেই ঘোষণা দেননি। জিরু এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজের ইনস্টাগ্রাম একাউন্টে দেওয়া এক পোস্টে এই ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি ঘটছে। আমি এখন ভিন্ন কোনো অভিযানে নামতে যাচ্ছি। এখন থেকে আমি হতে চলেছি ব্লুসদের (ফ্রান্স) প্রথম কোনো সমর্থক। ফ্রান্স জাতীয় দলের হয়ে আমি ১৩ বছর খেলেছি, যা সবসময় আমার হৃদয়ে সংরক্ষিত থাকবে। এটি আমার জন্য সবচেয়ে গর্বের এবং পছন্দের স্মৃতি। দীর্ঘদিন ধরে ভাবা সেই সময় এসে গেছে, যা নিয়ে শঙ্কিত ছিলাম। ফ্রান্স জাতীয় দলকে বিদায় বলছি।’
জিরু ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ২০২২ বিশ্বকাপেই সর্বোচ্চ এই গোলের রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী এই তারকা। এজন্য বিশ্বকাপজয়ী কিংবদিন্ত ফরাসি কোচ দিদিয়ের দেশমকে কৃতজ্ঞতা জানিয়ে জিরু লিখেছেন, ‘আমরা অবিচ্ছেদ্য একটি ব্যান্ড ছিলাম, যাদের নিয়ন্ত্রণে ছিলেন দারুণ এক ব্যক্তি, কোচ দিদিয়ের দেশম। আমার প্রতি আস্থা রাখার জন্য তাকেও ধন্যবাদ। আমাদের উত্থান-পতনের সময়েও তিনি আমাকে সমর্থন জুগিয়েছেন, যে কারণে আমি লেস ব্লুসদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হতে পেরেছি।’
