অমিতাভ-ঐশ্বরিয়ার ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করছেন অভিষেক

Posted on February 05, 2026   6.5K

অভিষেক বচ্চনের অভিনয়জীবন পা দিল ২৫ বছরে। বয়স পঞ্চাশ। তবু আজও তাঁকে ঘিরে সবচেয়ে বড় আলোচনা, তিনি কার ছেলে, কার স্বামী। অমিতাভ বচ্চনের পুত্র, ঐশ্বরিয়া রাই বচ্চনের স্বামী; এই পরিচয়ের ভার বহু দিন ধরেই বহন করে চলেছেন অভিষেক। নিন্দুকদের একাংশের মতে, এই দুই তারকার ছায়া থেকেই বেরোতে পারেননি তিনি।

কিন্তু অভিষেক নিজে এই তুলনাকে দেখেন অন্য চোখে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাবার সঙ্গে তুলনা হওয়া মানে সেরার সঙ্গে তুলনা হওয়া। আর সেখানেই তিনি নিজের প্রাপ্তিকে খুঁজে নেন।

২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। এরপরের পথটা মসৃণ ছিল না। সাফল্য আর ব্যর্থতা মিলিয়েই এগিয়েছে তাঁর কেরিয়ার। তবে কিছু ছবি আছে, যেখানে অভিনয় দিয়ে তিনি নীরবে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। 

অনুরাগী ও সমালোচকদের মতে, অভিষেককে বুঝতে হলে এই ছবিগুলি দেখা জরুরি।

যুবা (২০০৪)

মণিরত্নমের এই ছবিতে লল্লন সিংহের চরিত্রে অভিষেক যেন নিজেকে ভেঙে গড়েছিলেন। কলকাতার বস্তির হিংস্র, ঠোঁটকাটা যুবকের চরিত্রে তাঁর অভিনয় ছিল চমকপ্রদ। এই ছবিকেই অনেকেই অভিষেকের কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন।

গুরু (২০০৭)

গুরুকান্ত দেসাইয়ের চরিত্রে উচ্চাকাঙ্ক্ষা আর বুদ্ধির মেলবন্ধন দেখিয়েছিলেন অভিষেক। শিল্পপতির উত্থানের গল্পে তিনি ধীরে ধীরে নিজের পরিসর বাড়ান। এই ছবিতে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়ে।

দসবি (২০২২)

জাট রাজনীতিবিদ গঙ্গারাম চৌধুরীর চরিত্রে অভিষেকের শারীরিক ও মানসিক পরিবর্তন চোখে পড়ার মতো। দুর্নীতির অভিযোগে জেলবন্দি এক প্রভাবশালী নেতার চরিত্রে তিনি দেখান অন্য রকম সংযত অভিনয়।

আই ওয়ান্ট টু টক (২০২৪)

এই ছবিতে সিঙ্গল ফাদার অর্জুন সেনের ভূমিকায় অভিষেক অনেকটাই চুপচাপ, ভেতরের যন্ত্রণাকে সামনে এনেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার সময় মুক্তি পাওয়া এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

কালিধর লাপতা (২০২৫)

মধ্যবয়সি কালিধরের চরিত্রে দায়িত্ব, ত্যাগ আর স্মৃতিভ্রমের গল্প বলেছে এই ছবি। পরিবারের বোঝা হয়ে ওঠা এক মানুষের যন্ত্রণা অভিষেক তুলে ধরেছেন সংবেদনশীল ভাবে।

বড় তারকার সন্তান হওয়ার সুবিধা যেমন আছে, তেমনই আছে প্রত্যাশার চাপ। অভিষেক বচ্চন হয়তো কখনও সেই চাপের বিরুদ্ধে সরব হননি। কিন্তু বেছে নেওয়া কিছু চরিত্রে তিনি বারবার বুঝিয়েছেন, তিনি শুধু একটি নাম নন, একজন অভিনেতাও।

বড় তারকার সন্তান হওয়ার সুবিধা যেমন আছে, তেমনই আছে প্রত্যাশার চাপ। অভিষেক বচ্চন হয়তো কখনও সেই চাপের বিরুদ্ধে সরব হননি। কিন্তু বেছে নেওয়া কিছু চরিত্রে তিনি বারবার বুঝিয়েছেন, তিনি শুধু একটি নাম নন, একজন অভিনেতাও।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment