মেহজাবীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Posted on November 16, 2025   5.2K

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়-ভীতি দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ আদালত সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর মামলার আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। কিন্তু তারা আদালতে হাজির না হওয়ায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর তাদের গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার জন্য ধার্য করা হয়েছে আগামী ১৮ ডিসেম্বর।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে অভিযুক্ত মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হতে চান। বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তিনি তাদের নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট সাতাশ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বিভিন্ন সময় বাদী টাকা চাইলেও দীর্ঘদিন সময় নেন এবং আজ দিবো কাল দিবো বলে তালবাহানা করতে থাকেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিকালে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪-৫জন অকথ্য ভাষায় গালিগালাজ করে।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

Share on

Tags

(0) Comments

  • Nothing Found!

Add Comment